বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় রাজু আহমেদ নামে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু আহমেদ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৃত. ইউসুফ আলীর ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন কমিটির আহ্বায়ক।
থানা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা গত ৪ফেব্রুয়ারি সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একাট মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান চালিয়ে দৌলতপুর ইউপি ছাত্রলীগের আহ্বায়ক রাজু আহমেদ কে গ্রেফতার করা হয়েছে। বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী সে। রোববার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
