
নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর রিজিয়নের ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে গত নভেম্বর মাসে ৪ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে। রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর ৪২ বিজিবির সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এএম জাবের বিন জব্বার ও বিজিবি দিনাজপুর সেক্টরের অপারেশন অফিসার মেজর তানিম হাসান খান ।
সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার জানান, রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা রয়েছে ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। উত্তর-পশ্চিম রিজিয়নের অধীনে অর্থাৎ রংপুর ও রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে। রংপুর রিজিয়নের প্রতিটি বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত নভেম্বর মাসে মাদক, অস্ত্র ও অন্যান্য মালামাল চোরাচালান রোধ, নারী ও শিশুসহ মানব পাচার প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি কার্যকর ভূমিকা রাখছে।
তিনি জানান, রিজিয়নের বিজিবি সদস্যরা নভেম্বর মাসে অভিযান চালিয়ে ৯৬৬ বোতল ফেন্সিডিল, ১ হাজার বোতল বিদেশী মদ, ৩ হাজার ৪৬৯ পিস ইয়াবা, ২২৮ কেজি গাজা, ২ হাজার ৫১ বোতল নেশা জাতীয় সিরাপ, ৮ হাজার ৫৯০ পিস ভারতীয় মেটাডক্সিন ট্যাবলেট, ১৭ হাজার ৯৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ হাজার ৭৪৩ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছে। পাশাপাশি নভেম্বর মাসে ১ জন ভারতীয় নাগরিককে আটকসহ ১০জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। এই সময়ে ৬ রাউন্ড গুলিসহ ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও ২.৩ কেজি গান পাউডার জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ১০ হাজার ২৬০ পিস ভারতীয় প্রসাধনী, ৬ হাজার ৮৭৭টি ঔষধ সামগ্রী, ১ হাজার ৯০৩টি ভারতীয় খাবার সামগ্রী, ৯১টি শাড়ী, ২টি লেহেঙ্গা, ৪টি প্যান্টের কাপড়, ৮২পিস কম্বল, ৯০ পিস শাল, ৬৯৪ কেজি জিরা, ৭৬০ কেজি ধান, ১৫৪ কেজি চিনি, ১ হাজার ৭৭৫ কেজি পিয়াজ, ১০১ কেজি আপেল, ১টি ট্রাক, ১টি ইজিবাইক, ৩টি ইঞ্জিন চালিত নৌকা, ২৫টি মোটরসাইকেল, ১৫টি বাই সাইকেল ও ৬৬টি মোবাইল, ১১৫টি গরু, ১৩টি মহিষ ও ২টি ছাগল জব্দ করা হয়েছে। পাশাপাশি ইলিশ ধরা ও পাচার রোধ, জাল টাকার পাচার রোধে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নভেম্বর মাসে বিজিবি-বিএসএফের বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এই রিজিয়নের অধীনে লালমনিরহাট এলাকায় ৬১ বিজিবির আওতাধীন চতুরবাড়ী বিওপির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এছাড়া ২ হাজার ৫৮৬টি জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।