
বিরামপুর প্রতিনিধি
বিয়ের দাবিতে দিনাজপুরের বিরামপুরে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছন ১৮ বছর বয়সী এক তরুণী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে প্রেমিকের বাড়ির গেটের সামনে অনশনে বসেন মাহাবুবা আক্তার মীম।
তিনি হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের শামসুল ইসলামের মেয়ে। প্রেমিক ফিরোজ কবির (২০) বিরামপুর উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। মীমের দাবি তাকে বিয়ে করতে হবে।
মাহাবুবা আক্তার মীম জানান, প্রায় চার বছর ধরে ফিরোজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। ফিরোজের বোনের বাড়ি তাদের এলাকায় হওয়ায় সেই সূত্রে পরিচয় এবং পরবর্তীতে ঘনিষ্ঠতা তৈরি হয়। তিনি দাবি করেন, তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামবাসী বিয়ের উদ্যোগ নেয়। তবে হঠাৎ করেই ফিরোজ তাদের বাড়ি থেকে চলে যায়।
তিনি বলেন, আমাদের সম্পর্কের কথা সবাই জানে। এখন আমি সামাজিকভাবে বিপাকে পড়েছি। তাই বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখানেই অনশন চালিয়ে যাব।
স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, সকাল থেকেই মেয়েটি খড়ের পালার নিচে বসে আছে। তাদের মতে, দীর্ঘদিনের সম্পর্ক থাকায় উভয় পরিবারের সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান হওয়া উচিত।
এদিকে ফিরোজের বাবা আব্দুল কাদের বলেন, তাদের মধ্যে সম্পর্ক থাকলে থাকতে পারে। কিন্তু আমার ছেলেকে কেন আটকে রাখা হয়েছিল? আমাকে কিছু জানানো হয়নি। আমার ছেলে এখন বাড়িতে নেই। কোথায় আছে তাও জানি না। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।
মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। তবে এখনো কোনো পক্ষ তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হবে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, বিষয়টি আগে জানা ছিল না। এখন অবগত হয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।