সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২

বিরামপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ’ পরিবহনের একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় বাসের সামনের দিকে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন বাবু (৫৮)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
জানতে চাইলে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS