
বিরামপুর প্রতিনিধি
দিনাজপুরের অন্যতম বৃহৎ সবজির বাজার বিরামপুরে পাইকারী ও খুচরা বেচা-কেনায় এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম অনেক কমে এসেছে। কাঁচা মরিচ ও বিভিন্ন প্রকারের সবজির দাম অর্ধের নিচে নেমেছে। এতে ক্রেতা সাধারণের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে।
বিরামপুর নতুন বাজারে আজ (সোমবার) দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা দোকানীরা কাঁচা মরিচ ১৬০ টাকা, বেগুন ৬০টাকা, করলা ৬০-৮০ টাকা, ফুলকপি ৮০ টাকা, পটল ৪০ টাকা, ঢেড়ষ ৫০ টাকা, মুলা ৩০ টাকা, মুখি কচু ৪০ টাকা কেজি দরে এবং লাউ প্রতিপিচ ২৫-৩০ টাকা দরে বিক্রি করছেন। খুচরা দোকানী সাজ্জাদ হোসেন বলেন, গত এক সপ্তাহ আগে এই দর অনেক বেশি ছিল এবং কাঁচা মরিচসহ অনেক সবজি দ্বিগুণ দামে বিক্রি হয়েছিল।
বিরামপুর পুরাতন বাজারের ভ্যান চালক খুরশিদ আলম বলেন, সবজির দাম কমে আসায় অল্প করে হলেও সবজি কিনতে পারছি।
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় বলেন, খরিপ-২ মৌসুমে লাগানো ১১৫ হেক্টর জমির উৎপাদিত সবজি এখন বাজারে বেচাকেনা চলছে। এক হাজার ২৮০ হেক্টর জমিতে আগাম জাতের শীতকালীন সবজির চাষ করা হয়েছে। এই নতুন সবজি বাজারে এলে দাম আরো কমে আসবে।