বিরামপুরে ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি চালু


বিরামপুর প্রতিনিধি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলমুখি করা, পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ ও শিক্ষার্থী ঝরেপড়া রোধকল্পে দিনাজপুরের বিরামপুর উপজেলার ১১৬ প্রাথমিক বিদ্যালয়ের ১১ হাজার ৯৭৬জন শিক্ষার্থীর মাঝে মিড ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে।
আজ রোববার উপজেলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা।
এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী কবির রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, বাস্তবায়নকারী ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)এর দিনাজপুর জোনাল ম্যানেজার হাসান আলী, উপজেলা কো-অর্ডিনেটর আশরাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি লুৎফর রহমান মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন প্রমূখ। শিশু শিক্ষার্থীরা প্রথম দিনের ফিডিংয়ে একটি করে পাউরুটি ও ডিম পেয়ে উচ্ছসিত আনন্দ প্রকাশ করেছে।
বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত প্রত্যেক শিশু শিক্ষার্থীকে প্রতি রোববার পাউরুটি ডিম, সোমবার পাউরুটি, মঙ্গলবার কলা, বুধ ও বৃহস্পতিবার পাউরুটি ডিম প্রদান করা হবে।
