বীরগঞ্জে অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও চেক বিতরণ


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবক অধিদপ্তরের বিশেষ উদ্যোগে সমাজের অসহায়, দুস্থ ও চলাচলে অক্ষম শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ১৭ জন অসুস্থ ব্যক্তির মাঝে অনুদানের চেক প্রদান করা হয়।
দিনাজপুর প্রতিবন্ধী সেবা ও সামাজ কেন্দ্রের অর্থায়নে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন উপকারভোগীদের মাঝে হুইলচেয়ার বিতরণ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর এবং উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষদের জীবনমান উন্নয়নে সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপন ও চলাফেরা সহজ করতে হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকারের এই ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং তাদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এর মাধ্যমে তাদের চলাচল অনেক সহজ হবে এবং দৈনন্দিন কাজকর্ম করতে সুবিধা হবে।
