শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে এক রাতে ৫টি গরু চুরি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে তিনটি বাড়ির গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি গ্রামের প্রমহরি, দুলাল ও রূপালী বালা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
দুলাল রায়ের পিতা খগেন্দ্র নাথ রায় জানান, চুরি যাওয়া গরু গুলোর মধ্যে দুটি গাভীসহ ৪টি গরু ও ১টি বাছুর রয়েছে। যার অনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে।
প্রমহরি বলেন, রাত ১২টা পর্যন্ত গরু গুলো গোয়াল ঘরে দেখে আমরা ঘুমাতে যাই। রাত ৩টার পর বাড়ির পাশে পাকা রাস্তায় একটি পিকআপ এসে দাঁড়ায়। রাস্তার পাশে বাড়ি হওয়ায় আমরা ভেবেছি এমনিতেই গাড়ি এখানে থেমেছে। সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরুও নেই।
নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে গরু চুরির বিষয় অবগত হয়েছি। এ ব্যাপারে থানায় জানানোর প্রস্তুতি চলছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, গরু চুরির বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This