বীরগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা বিতরণ করা হয়।
আজ বুধবার ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি’র আয়োজনে এ অর্থ সহায়তা কর্মসূচিত সভাপতিত্ব করেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা এবং লাইভলিহুড টেকনিক্যাল স্পেশালিস্ট তাহমিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দারিদ্র্য হ্রাসে নগদ সহায়তা একটি কার্যকর উদ্যোগ। এ ধরনের সহায়তা প্রান্তিক পরিবারগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সহায়ক ভূমিকা রাখবে।সেই সাথে প্রাপ্ত অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে পারলে পরিবারগুলোর আয় বৃদ্ধি পাবে এবং টেকসই জীবিকা গড়ে উঠবে।
আয়োজকরা জানান, সুবিধাভোগী পরিবারগুলোর জীবনমান উন্নয়নে এ কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা জানান।
