শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
‘সবাই মিলে আওয়াজ তুলি, মাদক মুক্ত বীরগঞ্জ গড়ি’ স্লোগানে বীরগঞ্জে মরণব্যাধি মাদকের বিরুদ্ধে ও মাদকের কারবার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বীরগঞ্জের উত্তর সুজালপুরে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থা-বাংলাদেশ এর আয়োজনে ও বীরগঞ্জ স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় গোলাপগঞ্জ রোডের সুজালপুর মসজিদ এর পাশে এ কর্মসূচি পালিত হয়।
এসময় সেখানে বীরগঞ্জ স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা মো. সাইফুল্লাহ সাইফ ও এ্যাডভোকেট চাঁন মিঞা, জাগরণ ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদাক লাইজু ইসলাম, ফাস্ট ডোনেট ব্লাড ব্যাংক এর সভাপতি তোজাম্মেল, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক নুরনবী, মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থা-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাগরণ ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা পরিচালক নাঈম ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
এতে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বীরগঞ্জ স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর সকল সদস্যদের সাথে এলাকার শিক্ষার্থী সহ সচেতন নাগরিকরা মরণব্যাধি মাদকের বিরুদ্ধে ও মাদকের কারবার বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বীরগঞ্জ স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা মো. সাইফুল্লাহ সাইফ বলেন, মাদকদ্রব্যের আগ্রাসন শুধুমাত্র একটি ব্যক্তিগত সমস্যা নয়, বরং এটি পুরো সমাজের জন্য বিপজ্জনক এক মহামারি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে, মাদক সেবন এবং এর সঙ্গে যুক্ত অপরাধমূলক কার্যকলাপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থী ও যুব সমাজের মধ্যে মাদকের আসক্তি, তাদের মনোযোগ ও ভবিষ্যৎ সম্ভাবনা ধ্বংস করে দিচ্ছে, যা দেশের সামগ্রিক উন্নয়নে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী আইন প্রয়োগ এবং মাদকমুক্ত পরিবেশ তৈরির জন্য সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজের জন্য বিকল্প সুস্থ বিনোদন এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টির মাধ্যমে মাদকব্যবসার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।
×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This