বীরগঞ্জ বাজারে উঠতে শুরু করেছে নতুন তরমুজ


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌরশহরে গ্রীষ্মকালীন মৌসুমি ফল তরমুজ প্রচুর পরিমাণ বাজারে আসলেও দাম বেশি। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চাহিদাও বেড়েছে তরমুজের।
ঈদে ঘরমুখো মানুষ বাস থেকে নেমেই আত্মীয় ও পরিবারের জন্য একটি হলেও কিনছে তরমুজ।
ব্যবসায়ীরা বলছেন, মৌসুমি ঝড় বৃষ্টি এবং আবহাওয়া ঠান্ডা, গরম হওয়ার কারণে বিক্রি হচ্ছে কম। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। দাম বেশি হলেও অনেকে ঠাকুর-দেবতার প্রসাদে ব্যবহার করছেন তরমুজ।
বীরগঞ্জ পৌরশহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কে দু’পাশে এবং তাজমহল মোড়ে তরমুজ পাওয়া যাচ্ছে। ফলের দোকানগুলোতে আপেল, কমলাসহ বিভিন্ন ফলের পাশাপাশি মৌসুমি ফল তরমুজ উঠতে শুরু করেছে।
সরজমিনে গেলে স্থানীয় ফল ব্যবসায়ী সুরুজ , জয়নাল হাজারি, সেলিম ও হাশেম জানায়, বর্তমানে বাজারে পতেঙ্গা, কুয়াকাটা বরিশালসহ বিভিন্ন জেলার মোকাম থেকে কালো ও বাংলা লিংক জাতের এই তরমুজ কিনতে হচ্ছে। মোকামে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে, কিন্তু আবহাওয়া অনুকুল ঠান্ডা, গরমের কারণে বিক্রি নাই বললেই চলে। ফলে এত দামের তরমুজ পঁচে নষ্ট হয়ে যাচ্ছে।
তারা আরোও জানায়, বর্তমানে বাজারে তরমুজের বেচা-কেনা না থাকায় ও আমদানি বেশি হওয়ার কারণে তরমুজ ক্রয় করে এনে লোকসান গুনতে হচ্ছে। বীরগঞ্জ পৌরশহরের পুরাতন শহীদ মিনার চত্বরে ফল বিক্রেতা মো. হান্নান শাহ জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তরমুজ ফলের চাহিদা বেড়েছে। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ফলের পাশাপাশি বেশ ভালোই বেচাকেনা হচ্ছে মৌসুমি ফল তরমুজ।
