
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দীর্ঘ ১৭ বছর পর নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়ে দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এই আসনে কোনো ধরনের সহিংস ঘটনা ছাড়াই নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। ইতোমধ্যে বোচাগঞ্জ উপজেলার সবকটি ৪৫টি ভোটকেন্দ্রে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনী মালামাল হস্তান্তর করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। কেউ ভোটকেন্দ্র দখল বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, বোচাগঞ্জ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৪৫টি। এর মধ্যে ২৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলায় স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২৫৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৭টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, বোচাগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন রয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৩০৭ জন এবং নারী ভোটার ৭০ হাজার ৬০৬ জন।
ভোটগ্রহণকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি চার প্লাটুন বিজিবি টহল অবস্থায় দায়িত্ব পালন করবে। যেকোনো ধরনের অনিয়ম, অভিযোগ বা জরুরি পরিস্থিতি মোকাবেলায় একটি কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের ৩টি মোবাইল টিম এবং একটি স্ট্রাইকিং ফোর্স ভোটকেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিং করছে। একই সঙ্গে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলায় ৪৫টি ভোটকেন্দ্রে ৪৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।