বোচাগঞ্জে চাঁদা না পেয়ে প্রাণ নাশের হুমকি, থানায় মামলা


বোচাগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ থানায় চাঁদা দাবি ও প্রাণ নাশের হুমকির বিষয়ে একটি মামলা দায়ের করেছে বাগান ব্যবসায়ী। গভীর রাতে বাগানে একদল মুখোশধারী অনধিকার প্রবেশ করে বাগানের দুই পাহারাদারকে জিম্মি করে তাদের মুঠোফোন থেকে বাগান মালিকের কাছে ৫লক্ষ টাকা দাবি করায় এবং শতাধিক গাছ কেটে ফেলায় এ মামলা করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ৫ বন্ধু মো. হুমায়ুন জলিল (৪৫) মো. কামাল(৫৫) মো. মুকুল মোল্লা (৪২) মো. আসাদুজ্জামান রহিম (৪২) মো. মহসিন আলী (৪২) ৫জন ব্যক্তি অংশীদারিত্বের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের বকুলতলা বাতাসন গ্রামে ১৫০ বিঘা জমি লীজ নিয়ে আম ও মাল্টা বাগান করেছেন। সেই বাগানে তরুনী চন্দ্র রায় ও ফয়জুল ইসলাম নামে দুইজন নিয়মিত পাহারাদার রয়েছেন। এরই মধ্যে গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১২টার সময় মুখোশধারী একদল ব্যক্তি আম বাগানে ঢুকে ধারালো অস্ত্রের মুখে পাহাদারদের আটক করে তাদের(পাহারাদার) মোবাইল দিয়ে আম বাগান মালিকদের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং বাগানের প্রায় শতাধিক আম গাছ কেটে বিপুল অংকের অর্থ ক্ষতি সাধন করে। বর্তমানে আম বাগান মালিকগণ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। আজ মঙ্গলবার বাগান মালিকদের পক্ষে মো. মুকুল মোল্লা তাদের নিরাপত্তা চেয়ে বোচাগঞ্জ থানায় উক্ত মামলা দায়ের করেন। মামলা নং- ০১ । এব্যপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, বাগান মালিকদের দায়ের করা মামলা রেকর্ড করা হয়েছে। যতদ্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
