মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৩ কেন্দ্রসহ সব কেন্দ্রে বসানো হলো সিসিটিভি ক্যামেরা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনের বোচাগঞ্জ উপজেলার সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫টি।
৪৫টি কেন্দ্রের মধ্যে ২৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। বোচাগঞ্জ উপজেলায় স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২৫৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৭টি। সার্বিক পরিস্থিতি তদারকিতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বোচাগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন রয়েছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৩০৭ জন এবং নারী ভোটার ৭০ হাজার ৬০৬ জন।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনের বোচাগঞ্জ উপজেলায় নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণে ব্যবহৃত ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম ইতোমধ্যে বোচাগঞ্জ উপজেলায় পৌঁছেছে।
ভোটগ্রহণকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি চার প্লাটুন বিজিবি টহল অবস্থায় দায়িত্ব পালন করবে। কোনো অবস্থাতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না বলে জানান তিনি।
এছাড়া যেকোনো ধরনের অনিয়ম, অভিযোগ বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু থাকবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Share This