
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মেসার্স জহুরা ইন্ডাস্ট্রিজের ভিতরে ধান বোঝাই (ঢাকা মেট্রো ট-২৪-৭৮২৬) ট্রাকের কেবিনে আগুন লাগার ঘটনায় ঝলসে গেছে ট্রাকের ড্রাইভার ও হেল্পার।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে এবং অগ্নি দগ্ধ ট্রাকের ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানাগেছে, অগ্নিদগ্ধ ট্রাক ড্রাইভার মো. মিজানুর রহমান ঝুকিমুক্ত হলেও হেল্পার আবু সাইদ (২২) পিতা সাহাদত গ্রাম পুটিবাড়ী সিংড়া নাটোর এর অবস্থা আশংকা জনক। তার শরীরের ৯০ শতাংশ আগুনে ঝলসে গেছে। এ বিষয়ে জহুরা ইন্ডাস্ট্রিজের স্বত্ত্বাধিকারী আব্দুল হান্নান মুঠো ফোনে জানান, ফজরের নামাজের সময় ফায়ার সার্ভিস থেকে আমাকে ফোনে জানানো হয় আমার মিলের ভিতরে একটি ট্রাকের কেবিনে আগুন লেগেছে এবং ট্রাকের ড্রাইভার ও হেল্পার মারাত্মক ভাবে দগ্ধ হয়েছে। এই সংবাদ শুনার পর অগ্নিদগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের পরিবারে সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
মিলের ফোরম্যান বিশ্বজিৎ জানান, রাত সাড়ে ৩টার সময় ঘুমাতে গিয়ে ছিলাম ভোর সোয়া ৫টার দিকে মিলের একজন হেল্পার আমাকে জানান ধানের ট্রাকে আগুন লেগেছে।
এ বিষয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, আমরা ট্রিপল নাইনের মাধ্যমে ভোর ৫টা ৩৪ মিনিট সময়ে জহুরাতে আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনা স্থলে পৌঁছে দেখি জহুরা অটোর ১০নং মিল সংলগ্ন নাটোর সিংড়া থেকে আসা ১০চাকার একটি ধান বোঝাই ট্রাকে আগুন। আগুন নিয়ন্ত্রণ করার পাশাপাশি অগ্নিদগ্ধদের হাসপাতালে প্রেরণ করি। ড্রাইভার স্বাভাবিক থাকলেও হেল্পারের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৯০ শতাংশ ঝলসে গেছে। ট্রাকের ড্রাইভার জানিয়েছেন ওয়ারিং এর তার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।