বোচাগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে বিদ্যুতায়িত হয়ে প্রনোবেশ দেবশর্মা রুবেল নামে এক ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার আটগাঁও ইউনিয়নের হরিপুর গ্রামের কালিপদ দেবশর্মার ছেলে প্রনোবেশ দেবশর্মা রুবেল নিজ জমিতে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পানি দিতে গিয়ে অসাবধানতা বশতঃ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।
জানা গেছে, রুবেল চন্দ্র শুক্রবার বিকেলে তার বাবার ভুট্টা ক্ষেতে পানি দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে থাকে। তার বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করে লোক মারফত জানতে পারে রুবেল ভুট্টা ক্ষেতে পানি দিচ্ছিল। নিহত রুবেলের বাবা ও এলাকাবাসী সন্ধ্যার দিকে ভুট্টা ক্ষেতে গিয়ে দেখতে পায় রুবেলের নিথর দেহ পড়ে রয়েছে। সে আটগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন। আজ শনিবার তার লাশ দাহ করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
