বোচাগঞ্জে হিমাগার ছেড়ে পালিয়েছে কর্তৃপক্ষ! আলু নিয়ে বিপাকে কৃষক


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বকুলতলায় অবস্থিত রাহবার ইউনিট-৩ হিমাগারে রাখার জন্য কৃষকের বীজের আলু না নিয়েই হিমাগার ছেড়ে পালিয়েছে কর্তৃপক্ষ। যার ফলে গত ৩/৪ দিন ধরে অপেক্ষা করেও আলু ঢোকাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছে কৃষকরা।
জানা গেছে, চলতি আলু মৌসুমে বোচাগঞ্জ উপজেলায় ব্যাপক হারে আলুর আবাদ হয়। কৃষকরা এই আলু বীজ হিসেবে হিমাগারে রাখার জন্য দীর্ঘ লাইন ধরে অপেক্ষা শেষে হিমাগার চত্বরে স্তুপ করে রাখে। তাদের আশা ছিল কর্তৃপক্ষ তাদের আলু হিমাগারে রাখবে। কিন্তু ৩/৪ দিন অতিবাহিত হলেও হিমাগার কর্তৃপক্ষ আলু রাখতে অনিহা প্রকাশ করছে। কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, রাতের বেলায় হিমাগার কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে সিরিয়াল ভঙ্গ করে আলু হিমাগারের রাখছে অথচ কৃষকদের কোন প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে না তারা। দিন রাত আলু পাহারা দিতে হচ্ছে কয়েকশত কৃষককে। বীজের আলু হিমাগারে রাখতে না পারলে আর্থিকভাবে চরম ক্ষতির স্বীকার হবেন বলে তারা জানান। কৃষকদের অভিযোগ হিমাগার কর্তৃপক্ষ বলছে হিমাগারে স্থান না থাকায় আর আলু রাখা সম্ভব নয়। অথচ রাতের আধারে তাদের সুবিধা মত ব্যবসায়ীদের আলু ঠিকই হিমাগারে রাখছেন। কৃষকরা এর প্রতিবাদ করতে গেলে তারা কৃষকদের সাথে অশালীন আচরণ করছেন। হিমাগারের ভিতরে জায়গা আছে কি না তা কৃষকরা স্বচক্ষে দেখতে চাইলে হিমাগার কর্তৃপক্ষ তাদের কে সেটা দেখাচ্ছে না। তাদের একটাই দাবি আলু যেহেতু আমরা নিয়ে এসেছি কর্তৃপক্ষকে রাখতেই হবে। এদিকে কৃষকদের দাবির মুখে গত ১৬ মার্চ রবিবার রাতে হিমাগার ছেড়ে পালিয়েছে কর্তৃপক্ষের লোকজন। আলু নিয়ে বসে থাকা অসহায় কৃষকরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে রাহবার হিমাগারের ম্যানেজারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
