ভারতে পালানোর সময় দুই আওয়ামী লীগ নেতা আটক


নিজস্ব প্রতিবেদক
বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) এবং বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল (৫৭) স্থানীয়দের হাতে ধরা পড়েছে।
পুলিশ তাদের আটক করে আজ শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে মাহমুদুল আজাদ রিপন (৪৮) ও হাফিজুর রহমান ইকবাল (৫৭) বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে অটোরিক্সা যোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এসময় তারা পথ ভুলে ভেলারপাড় ব্রিজ এলাকায় গিয়ে স্থানীয় লোকজনকে সীমান্তের পথ জিজ্ঞাসা করলে স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে থানা পুলিশেকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক মাহমুদুল আজাদ রিপন বরগুনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরগুনা সদর উপজেলার চর কলোনী এলাকার আজহার আলীর ছেলে। হাফিজুর রহমান ইকবাল বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাবী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, খোজ নিয়ে জানাগেছে আটকৃত দুই ব্যাক্তির নামে তাদের নিজ এলাকায় তিনটি করে রাজনৈতিক মামলা রয়েছে এবং পল্টন থানায়ও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তারা পলাতক ছিলেন। বিরামপুর থানা এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে তাদেরকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
