শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
মানবতার মুক্তির দূত সর্বকালের সেরা মহামানব ও ইসলাম ধর্মের প্রবর্তক শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) কে ভারতের মহারাষ্ট্রের বিতর্কিত পণ্ডিত রামগিরি মহারাজ কর্তৃক অবমাননাকর বক্তব্য প্রদান এবং বিজেপি বিধায়ক নিতেশ রানা কর্তৃক সেই অবমাননা মূলক বক্তব্যকে সমর্থন করায় তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার নিমতলা মোড়ে ফুলবাড়ী বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজীদ থেকে এ মিছিল বের হয়।
পার্শ্ববর্তী বিভিন্ন মসজীদ থেকে জুমার নামাজের পর শত শত মুসল্লি পূর্ব ঘোষণা অনুযায়ী নিমতলা মোড়ে সমবেত হয়। ফুলবাড়ী তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও নিমতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজীদের খতিব মাওলানা শাহাদত উল্লাহ্, কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, শিক্ষা সচিব মুফতি নাজিবুল্লাহ, ফুলবাড়ী কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজীদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা সাখাওয়াত হোসেন, এসএম নাজিব।


সমাবেশে বক্তারা মহানবী সা. কে নিয়ে কটুক্তিকারী ও সমর্থনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রত্যেক ধর্মের মানুষের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ লালন করার আহ্বান জানানো হয়। সবশেষে দোআ মুনাজাতের মধ্যদিয়ে সমাবেশ শেষ হয়। দোআ পরিচালনা করেন কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ । যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মিছিলের আগে ও পরে থানা পুলিশ দায়িত্ব পালন করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This