রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভালোবাসা দিবসে বিষ পানে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ভালোবাসা দিবসে পারিবারিক কলহে বিষ পানে শাহাদৎ আলী শেখ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে বিষ পানের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নিহত শাহাদৎ আলী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রামের মো. রফিক শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদৎ আলী শেখ প্রায় ১০ বছর আগে একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে শাবনুর বেগমকে ভালোবেসে বিয়ে করেন। এরপর তাদের সংসারে ৯ বছর বয়সী একটি মেয়ে ও ৭ বছর বয়সী একটি ছেলে জন্মগ্রহণ করে। কিন্তু অভাব অনটনের কারনে ৮/৯ বছর আগে জীবিকার তাগিদে স্বপরিবারে ঢাকায় যান। সেখানে ২ বছর আগে তারই বড় শালিকা সুফিয়া বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধও হয়। তাদের বিয়ের বিষয়টি জানতে পেরে তার প্রথম স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। প্রতিনিয়তই এই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলতো।
তার দ্বিতীয় স্ত্রী সুফিয়া বেগম ভোট দিতে বাবার বাড়িতে আসলে শনিবার (১৪ ফেব্রুয়ারি) শাহাদৎ তার শ্বশুর বাড়িতে আসে। এসময় তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের সাথে তর্কবিতর্ক হলে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী শ্মশানঘাটে দুপুর ১টায় কিটনাশক পান করেন। এ সময় তিনি (শাহাদৎ) তার দ্বিতীয় স্ত্রী সুফিয়া বেগমকে ফোন করে কিটনাশক পানের কথা জানালে তার স্ত্রীসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫টায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আব্দুল লতিফ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। সোমবার ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This

COMMENTS