প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ
মাদ্রাসার ফান্ড আত্মসাৎ সহ নানা অভিযোগে অধ্যক্ষের এমপিও স্থগিত
![]()
পঞ্চগড় প্রতিনিধি
নিয়োগ বাণিজ্য, কাগজপত্রে জালিয়াতি, মাদ্রাসার ফান্ডের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) অনলাইন এমপিও কপির মাধ্যমে এই স্থগিতাদেশের বিষয়টি জানা যায়।
এর আগে, গত ১ অক্টোবর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ইমন আমির অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ করেন এবং ৫ অক্টোবরের মধ্যে মহাপরিচালক বরাবর জবাব দাখিলের নির্দেশ দেন। নোটিশে উল্লেখ করা হয়, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গত বছরের ৯ আগস্ট যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছিলেন, তা অনুযায়ী অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, কাগজপত্রে জালিয়াতি এবং শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার এমপিও কেন স্থগিত এবং ইনডেক্স বাতিল করা হবে না, তা জানাতে বলা হয়।
এ বিষয়ে যোগাযোগের জন্য অধ্যক্ষ আব্দুল মতিন সরকারকে ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কলটি কেটে দেন।
প্রসঙ্গত, গত বছর মাদ্রাসা পরিচালনা কমিটি অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডের কাগজপত্রে জালিয়াতি, ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেয়ানো, প্রতিষ্ঠানের তহবিল আত্মসাৎ এবং শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্যসহ ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
মাদ্রাসার প্রধান হিসেবে দায়িত্বে থাকলেও আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ শিক্ষাঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলছে। তদন্ত সাপেক্ষে সত্যতা নিশ্চিত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সুষ্ঠু ও স্বচ্ছ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
Copyright © 2026 Daily Deshmaa. All rights reserved.