
দেশ ক্রীড়া ডেস্ক
এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ জয় পেল বাংলাদেশের কিশোররা। আজ কম্বোডিয়ায় গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ম্যাকাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
বাংলাদেশের হয়ে একাই চার গোল দিয়েছেন নুরুল হুদা ফয়সাল। বাকি তিনটি গোলের মধ্যে মানিক দুইটি ও আরেকটি গোল করেন রিফাত। এই জয়ে গ্রুপে রানার্স আপ হওয়ার দৌড়ে টিকে থাকল লাল-সবুজ জার্সিধারীরা।
আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে চলমান এই টুর্নামেন্টের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স আপ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনকে হারিয়ে দেয় ১-০ গোলে। তৃতীয় ম্যাচে ম্যাকাওয়ের বিরুদ্ধে এল এই জয়। ৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ৬। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে দলটি।
আজ প্রতিপক্ষের জালে ৭ গোল দিলেও প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। ফয়সাল গোল দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন। প্রধমার্ধের পর আসে বাকি ৬ গোল। ৬৬তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল দেন মানিক। ৭১ থেকে ৭৫ মিনিটের মধ্যে আরো ৩ গোল দেয় বাংলাদেশ। আর ম্যাচের ৮২ মিনিটে ফয়সাল নিজের হ্যাটট্রিকের পাশাপাশি বাংলাদেশের ৭ গোল নিশ্চিত করেন।