
নিজস্ব প্রতিবেদক
ঈদগাহের জমি দখল, চাঁদাবাজীসহ নানা অপপ্রচার ও মব সৃষ্টি করে হামলার প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী যুবদল নেতা শিবলী সাদিকের পরিবার ও শুভাকঙ্খিরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় পৌরশহরের নিমতলা মোড়ে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন অপপ্রচার ও মবের শিকার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম।
শিবলী সাদিক বলেন, সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামে আমাদের পারিবারিকভাবে ক্রয়কৃত জমি ভরাট করতে গেলে পার্শ্ববর্তী জমির মালিক আব্দুল্লাহ আল মামুন, রোকনুজ্জামানসহ তাদের লোকজন আমাদের কাছে চার শতক জমি লিখে চান। লিখে না দেওয়ায় তারা ঈদগাহের জমি কেটে বিক্রি করার অপপ্রচার চালিয়ে মব সৃষ্টি করে। এসময় গ্রামবাসীকে ধর্মীয় অনুভুতিকে পুজি করে আমাদের বিরুদ্ধে উস্কে দেয়। ফলে গ্রামবাসী আমাদের ওপর হামলা করে উল্টো মহাসড়ক অবরোধ করে। পরে আমার ম্যানেজারের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় আমার ম্যানেজারকে আটক করতে বাধ্য হয়। উক্ত মামুন ও রনি আমার ভেকুর ব্যাটারী খুলে নিয়ে থানা পুলিশের হাতে তুলে দেয়।
তিনি আরও বলেন, তারা মূলত একটি ব্যক্তিগত ইস্যুকে ব্যবহার করে আমার ব্যবসায়িক ও রাজনৈতিক সফলতাকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা চালাচ্ছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সাংবাদিক বৃন্দ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে যদি আমাকে দোষী মনে করেন তাহলে আমি নিজেই আইনের কাছে ধরা দেব। তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে প্রকৃত পক্ষে দলের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের অপরধীদের দ্রুত গ্রেফতার করা না হলে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।