শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে জোড়া খুনের মামলায় দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন


রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে চাঞ্চল্যকর রফিকুল ও আব্দুর রাজ্জাক মন্ডল হত্যা মামলার রায়ে ২ জনের ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (রোববার) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, পীরগঞ্জ উপজেলার নন্দপুর ফতেপুর গ্রামের মজিবর মন্ডলের ছেলে হারুন মন্ডল ও আব্দুর রশিদ ওরফে নান্নু মন্ডল এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলো আবুল হোসেনের ছেলে আকমল হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের হাজতখানায় উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ জুলাই সকালে আব্দুর রাজ্জাক মন্ডল, শামসুল মন্ডল নিজেদের জমিতে শ্যালা মেশিন দিয়ে পানি সেচ দিতে থাকলে আপন চাচাতো ভাই হারুন মন্ডল, নান্নু মন্ডল ও আকমল হোসেন তাদের উপর লাঠি দিয়ে আক্রমণ করে। এতে শামসুল মন্ডলের ডান পায়ে আঘাত করে গুরুতর জখম হলে আব্দুর রাজ্জাক মন্ডল এগিয়ে আসে। এ সময় হারুন মন্ডল কোদাল দিয়ে রাজ্জাক মন্ডলের মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে পাশের জমিতে কাজ করতে থাকা আজিজ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম এগিয়ে এলে নান্নু মন্ডল কোদাল দিয়ের রফিকুল ইসলামের মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে।
পরে আব্দুর রাজ্জাক মন্ডল ও রফিকুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে ওই দিনই তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রাজ্জাক মন্ডলের মেয়ে আরিফা খাতুন বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার আদালতের বিচারক দুই আসামির মৃত্যুদণ্ড ও এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার বাদী আরিফা খাতুন বলেন, আজ আমি বাবা হত্যার ন্যায় বিচার পেয়েছি। আদালতে রায়ে আমি সন্তুষ্ট। সরকারি কৌশলী পিপি আফতাব উদ্দিন বলেন, দীর্ঘ ৬ বছর আইনী লড়াই শেষে ডাবল হত্যা মামলার রায় হয়েছে। বাদীপক্ষের সাথে আমি কথা বলেছি। তারা আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This