রমজানে পণ্যের দাম ঠিক রাখতে হিলি স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আসন্ন রমজানে দেশে নিত্য-প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমদানী, সরবরাহ ও প্রতিযোগিতা বিরোধী কর্মকান্ড পর্যবেক্ষণ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
আজ বুধবার দুপুরে হিলি স্থলবন্দরের বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্টের সম্মেলন কক্ষে প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক দীনেশ সরকার (সিনিয়র সহকারী সচিব) বন্দরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় সভাটি করেন। সভায় আসন্ন রমজান মাস উপলক্ষে আমদানী পণ্যের সরবরাহ, দাম ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা বিষয়ে আলোচনা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়া, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মন্ডল, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, ব্যবসায়ী হযরত আলী, ব্যবসায়ী ওয়াহেদুর রহমান রিপনসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন, কমিশনের সহকারী পরিচালক নাজমুল হোসেন ও সহকারী পরিচালক নুর উদ্দিন যোবায়ের। এউপলক্ষে ৩ সদস্য বিশিষ্ট কমিশনের একটি দল হিলিতে আসেন।
