শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে পঞ্চগড়ে স্মারকলিপি


পঞ্চগড় প্রতিনিধি
সারাদেশের মতো পঞ্চগড়ের স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা শাখা। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর বরাবরও একটি স্মারকলিপি প্রেরণ করা হয়।
আজ রোববার দুপুর ১২টায় সংগঠনের সদস্যরা পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশের হাতে স্মারকলিপি দুটি তুলে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলার নন এমপিও শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে বেতনবিহীন অবস্থায় দায়িত্ব পালন করছেন। অসম নীতিমালা ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে স্বীকৃতিপ্রাপ্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হতে পারেনি। এতে শিক্ষক-কর্মচারীরা মানবিক সংকটে পড়েছেন।
পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে দ্রুত এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা এই স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বক্কর মো. এরশাদুল হক, পঞ্চগড় জেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক কফিউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জসিম উদ্দীন খানসহ কমিটির সদস্য ও জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকরা।
