বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শুধু বল প্রয়োগে নয়, সকলের সহযোগিতায় সম্ভব সীমান্ত সুরক্ষা- কর্নেল ফয়সল

নিজস্ব প্রতিবেদক
সীমান্তে শুধু বল প্রয়োগ বা ফোর্স বৃদ্ধি করলেই আন্তঃসীমান্ত অপরাধ দমন সম্ভব নয়। কেবল সকলের সহযোগিতাই পারে এই ধরণের অপরাধ প্রতিরোধ করতে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীন আইন শৃঙ্খলা রক্ষাসহ সীমান্ত এলাকার বাসিন্দাদের মানবিক উন্নয়নেও কাজ করছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি)।
আজ সোমবার দুপুরে দিনাজপুর সেক্টরের অধিনস্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি) কর্তৃক উপজেলার কাজিহাল ইউনিয়নের মিরপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় শীতার্ত এবং অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে বিজিবি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় মূহুর্তে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মহাপরিচালক বিজিবি মহোদয়ের মূলনীতি “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার (পিএসসি), সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, (পিবিজিএমএস), কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন কাঞ্চন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমড়া বিওপি’র আওতাধিন সীমান্তবর্তী এলাকায় বসবাসরত স্থানীয় ৩ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও ৬ শতাধিক বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়াও আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে শিশু কিশোরদের মাঝে খেলার সামগ্রী উপহার দেয়া হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This