সকলের সহযোগিতায় ধুমপান ও মাদকমুক্ত এলাকা গড়ার আহ্বান


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী মহল্লা পাটুয়াপাড়া-এনায়েতপুর এলাকার সচেতন এলাকাবাসীর আয়োজনে ধুমপান ও মাদকমুক্ত এবং পরিচ্ছন্ন মহল্লা গড়তে পাটুয়াপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এলাকাবাসীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. রফিক উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ড্রইং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকিব রানা বলেন, পাটুয়াপাড়া-এনায়েতপুর মহল্লা পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের মত অভিভাবকদের সচেতন হতে হবে। আমার বিশ্বাস সকলের সহযোগিতায় আমরা এ্যাকশন প্লানের মাধ্যমে এলাকা থেকে মাদক, ধুমপান, মাদকের কেনা-বেচা প্রতিরোধ করতে সক্ষম হব। সম্মানীত অতিথি হিসেবে দিনাজপুর কোতয়ালী থানার এসআই (নিরস্ত্র) মো. সাদাকাত হোসেন বলেন, মাদক সহ অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে মহল্লা’র অভিভাবকরা আজ ঐক্যবদ্ধ হয়েছে একটি প্রশংসনীয় ব্যাপার। এ ধরনের উদ্যোগ প্রতিটি মহল্লায় মহল্লায় যদি হয় তাহলে দিনাজপুর জেলাকে মাদকমুক্ত, অপরাধমুক্ত একটি জেলা হিসেবে আগামী প্রজন্মকে উপহার দিতে পারব। আপনার সাথে সবসময় পুলিশ-প্রশাসন থাকবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন হুমায়ুন কবীর, আরিফুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান সোহেল, সাবেক কাউন্সিলর রায়হান আলী খান তাজ, সাংবাদিক, গবেষক আজহারুল আজাদ জুয়েল, মিজানুর রহমান মিজান, প্রফেসর নুর-এ-আলম সিদ্দিক রনী, মুতুর্জা হাসান স্বর্ণ, মো. শাহজাহান, ওলিউর রহমান হিমু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অন্তরঙ্গ সংস্থার সাধারন সম্পাদক এম.এম.এইচ কাদির। সভায় সর্বসম্মতিক্রমে প্রকাশ্য ধুমপান, মাদক সেবন ও বিক্রি, বহিরাগতদের আগমনের উপর লক্ষ্য রাখা, এলাকায় সন্দেহভাজন আড্ডা, উচ্চ শব্দে গাড়ির হর্ণ বাজানো, অশ্লিল ভাষায় ঝগড়া-দন্দ সহ ইভটিজিং কে জিরো টোলারেন্স হিসেবে ঘোষনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
