শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সবজি বোঝাই ট্রাকের সথে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সংর্ঘষ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় সিগন্যাল অমান্য করে রেলক্রসিংয়ে ওঠে পড়া সবজি বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১২টায় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি স্টেশন অতিক্রম করে। এরপর জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিং অতিক্রমের সময় একটি সবজিবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রেললাইনের পাশে ট্রাকের ইঞ্জিন দুমড়েমুচড়ে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পুরানাপৈল রেলক্রসিংয়ের গেটকিপার ইমরান মণ্ডল জানান, দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে ঢাকাগামী দ্রুতযান ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার আগে রেললাইনের ওপর একটি কচুবোঝাই ট্রাক ওঠে পড়লে এটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ট্রাক থেকে ড্রাইভার ও হেলপার দ্রুত নেমে যান। এরপর তারা স্থানীয়দের সহযোগিতায় লাল কাপড় দেখিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। গতি বেশি থাকায় ট্রেনটি থামাতে পারেননি চালক। রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। ট্রাকের ইঞ্জিন দুমড়েমুচড়ে রেললাইনের পশ্চিম পাশে পড়ে যায়। আর ট্রেনটি কিছুদূর গিয়ে থেমে যায়। জয়পুরহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট রবিউল হাসান বলেন, জয়পুরহাট-হিলি সড়কের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছি। ওই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর রেললাইনের দুপাশে যানবাহন আটকা পড়ে। এক ঘণ্টার মধ্যেই দুর্ঘটনাকবলিত স্থান থেকে ট্রাকটি সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This