শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সমলয় পদ্ধতিতে চাষাবাদে লাভবান হবে কৃষক

নিজস্ব প্রতিবেদক
কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে কৃষি বিভাগ। সমলয় পদ্ধতিতে চাষাবাদে কৃষকের সময়, শ্রম ও খরচ কমবে; লাভবান হবেন কৃষক। এরই অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে সমলয় ব্লক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া গ্রামে এই চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। এতে অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এসময় উপস্থিত ছিলেন, উপসহকারী কর্মকর্তা শারমিন আক্তার, সাদ্দাম হোসেন, রোকনুজ্জামান খান, দিদারুল ইসলাম, জাহেদুল ইসলাম, কৃষক আব্দুল কাইয়ুম, মাহাবুব আলম, শাহিনুর ইসলাম, সাখাওয়াত হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এবছর উপজেলায় ১৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫০ একর জমিতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধান (উফশী) সমলয় ব্লক পদ্ধতিতে বোরোধান চাষাবাদের কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। প্রদর্শনীর অংশ হিসেবে এই রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করা হচ্ছে।
উপজেলার ৫০ জন কৃষক তাদের ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করছে। কৃষি প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে একর প্রতি ১২ কেজি বীজ, ৯ কেজি ইউরিয়া সার, ৪০ কেজি ডিএপি, ৪৫ কেজি এমওপি দেয়া হয়েছে।
প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে আধুনিক যন্ত্রের সাহায্যে ধান চাষের জন্য বীজতলার পরিবর্তে প্লাস্টিকের ট্রে তে বীজ বপন করে তিন সপ্তাহে মধ্যে ধানের চারা রোপণ উৎপাদন করা যায় এবং যন্ত্রের সাহায্যে চারা রোপণ, সার প্রয়োগ এমনকি ধান কাটা মাড়াই করা যায়। সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদে শ্রমিক সঙ্কট নিরসন হবে এবং উৎপাদনে খরচ ও সময় বাঁচবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, আধুনিক এ পদ্ধতিতে শ্রমিক সংকট দূর হবে। কম খরচে ও অল্প সময়ে ধানের চারা রোপণ করা যাবে। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লাগছে। এ প্রযুক্তির ফলে কৃষকের উৎপাদন খরচ কমছে। ফলে তারা লাভবান হচ্ছেন। তিনি বলেন, কৃষি খাত কে আধুনিকীকরণের লক্ষ্যে এবং কৃষকের সাথে এ পদ্ধতির পরিচিতি ঘটাতে ও তাদের উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This