সাঘাটায় এগ্রোভেট কারখানায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেফতার ৩ জন কারাগারে


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি এগ্রোভেট কারখানায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুরে সাঘাটা থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাত প্রায় ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে অবস্থিত একটি এগ্রোভেট কারখানায় চাঁদা দাবির ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন— বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির, বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, দুই লাখ টাকা চাঁদা দাবির একটি লিখিত অভিযোগের ভিত্তিতে বোনারপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে বলে তিনি নিশ্চিত করেছেন।
