শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে কৃষকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শাহীন মিয়া (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ কামাল (দক্ষিণপাড়া) এলাকা থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। শাহীন মিয়া তরফ কামাল (দক্ষিণপাড়া) গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শাহীন মিয়া পেশায় একজন কৃষক। গতকাল সোমবার তিনি বাড়ির পেছনে ভেকু ও ট্রাক্টর দিয়ে পুকুর খননের কাজ করছিলেন। এদিন রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পানেয়ার বিলের মধ্যে ডিপের খুঁটির সাথে তাকে অস্বাভাবিক ভঙ্গিতে তাকে পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা প্রথমে তাকে জীবিত ভেবে বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, মৃতের স্বজনরা বলছেন, শাহীন মিয়ার কোনো শত্রু ছিল না। তিনি ছিলেন শান্ত স্বভাবের একজন মানুষ। তবে তার মৃত্যুতে রহস্য থেকে যাচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যেও নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে শাহীন মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This