
গাইবান্ধা প্রতিনিধি
সাদুল্লাপুরকে পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ৩১ গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা) । আজ সোমবার সকালে বেশকিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন তিনি।
এদিন নিজ হাতে ঝাড়ু তুলে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন এমপি। সকালের এ কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেন তারাও।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমপি মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন, পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয় বরং সামাজিক সচেতনতার অংশ। 'শুধু রাস্তা পরিষ্কার হলেই হবে না, মানুষের অন্তরও পরিষ্কার হওয়া জরুরি—এমন বার্তাই দিতে চান তিনি।
তিনি আরও জানান, রমজানের পবিত্রতা সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সাদুল্লাপুরের ১১টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।
এদিকে নবনির্বাচিত এমপির এমন সরাসরি অংশগ্রহণে ইতিবাচক প্রশংসা করেছেন স্থানীয়রা। তাদের মতে, একজন জনপ্রতিনিধি নিজে হাতে ঝাড়ু তুলে কাজে নেমে পড়ায় নাগরিকদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং শহরকে পরিষ্কার রাখার অনুপ্রেরণা তৈরি হয়েছে। তারা চান সমন্বিত উদ্যোগে হলেও এটি যেন অব্যহত থাকে।