বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ এর জানাজা ও দাফন সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকাল ৮টায় দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ আছর দিনাজপুর একাডেমি স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মহেষকোঠা গ্রামে সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানে পারিবারিক গোরস্তানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।
নামাজে জানাজায় দিনাজপুর জেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This