সারাদেশে ধর্ষণের ঘটনায় পঞ্চগড়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের বিক্ষোভ


পঞ্চগড় প্রতিনিধি
সারাদেশে হঠাৎ বেড়ে যাওয়া ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ রোডের ডোকরোপাড়া থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আনিকা তাবাসসুম তুবা, সুমাইয়া আক্তার শশী এবং মারজিনা মাহি। তারা বলেন, ধর্ষণের কারণ হিসেবে নারীদের পোশাককে দায়ী করা অযৌক্তিক, কারণ শিশুরাও ধর্ষণের শিকার হচ্ছে। বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান এবং প্রশাসনের প্রতি আহ্বান জানান যাতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হয়।
অন্যদিকে, মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ শাখা মানববন্ধন আয়োজন করে। এতে জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান সহ শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা সারাদেশে ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকারকে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
