বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সালমান শাহ হত্যার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা: হিলি চেকপোস্টে সতর্কতা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। ফলে আসামীরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল থেকে এই সতর্কতা দেখা গেছে।
জানতে চাইলে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ‘সালমান শাহ হত্যা ঘটনায় জড়িতরা যেন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে জন্য এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত শনিবার এই সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ইমিগ্রেশনে এসে এসেছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। সালমান শাহ হত্যায় ইতোমধ্যেই যাদের নাম পেয়েছি তারা কোন ভাবেই যেন ভারতে পালিয়ে যেতে না পারে। এ বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
তিনি আরও জানান, এই ইমিগ্রেশন ব্যবহার করে যেসকল পাসপোর্ট যাত্রী ভারতে যাচ্ছে তাদের পাসপোর্টের সঙ্গে নাম, ছবি ও ঠিকানা যাছাই করা হচ্ছে। এরপরে নিশ্চিত হয়ে তাদের গমনের অনুমতি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২৯ বছর পর সালমান শাহ মৃত্যুর ঘটনায় আদালত তার সাবেক স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ১১ জনকে এজাহারভূক্ত আসামি ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য নামসহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This