মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সেতাবগঞ্জ চিনিকল চালু হবেই- সাদিক রিয়াজ এমপি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বোচাগঞ্জ-বিরলের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী বলেছেন, আমি যে ভাবেই হোক দিনাজপুরের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল চালু করবই।
তিনি বলেন, সাংবাদিকরা কিন্তু সমাজের দর্পন, আপনারা লোভ লালসা এবং ব্যক্তি স্বার্থের উর্দ্ধে উঠে এলাকার অসংগতি, অনিয়ম, দুর্নীতি, মাদক, চাঁদাবাজির মত অপরাধ গুলো নির্দ্বিধায় তুলে ধরবেন। অপরাধী আমার দলের নেতা বা কর্মী যে হউক আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। সাদিক রিয়াজ আরো বলেন, পরিবর্তন আমাদের করতেই হবে। আমরা বার বার পরিবর্তনের কথা বলি কিন্তু আমরা পরিবর্ত হইনা বা পরিবর্তন করতে পারি না। এবার পরিবর্তন নিশ্চিত করতে চাই। এই পরিবর্তন কিন্তু আমি একা করতে পারবো না। আপনারা যারা সাংবাদিক আছেন, আমাকে সব ধরণের তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন। আমি আমার নির্বাচনী এলাকা বিরল ও বোচাগঞ্জ এই দুই উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। আজ সোমবার সেতাবগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।
প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আযম সাজ্জাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, প্রেসক্লাবের সদস্য সচীব মো. শামসুল আলম। এসময় উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মো. জামাল উদ্দীন, মো. হারেসুল ইসলাম, সেতাবগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদরুল পারভেজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপজেলা জিয়া সাইবার ফোর্স ও সেতাবগঞ্জ শাখা ইসলামী ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS