
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
পান্তা-ইলিশ পরিবেশন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন কাপ-আপ প্রকল্পের ক্ষুদে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী পৌরশহরের কয়া মিস্ত্রিপাড়া এলাকায় প্রকল্পের শিখন কেন্দ্র আশার আলো ডাম ইউসিএলসির শিক্ষার্থীরা এ আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে আশার আলো ডাম ইউসিএলসি পরিচালনা কমিটির সভাপতি শাকিল আহমেদের নেতৃত্বে দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন পুনরায় শিখন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে, শিখন কেন্দ্রে উপস্থিত অতিথি, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে পান্তা-ইলিশ খাবার পরিবেশন করা হয়। পরে, দিবসের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির স্মৃতিচারণ করেন এবং বাঙালি জাতির এ ঐতিহ্য ধরে রাখতে সকলকে আহ্বান জানান।
আলোচনাসভা শেষে দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীরা বাংলা নববর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরে, অনুষ্ঠানের অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাপ্তাহিক জনসমস্যার সম্পাদক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, যুবদলের নীলফামারী শাখার যুগ্ম আহ্বায়ক রিজওয়ান আক্তার পাপ্পু, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রুবিনা শাকিল, ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ডের ব্যবস্থাপক মো. আসাদুল্লাহ, প্রকল্পের নন-ফরমাল এডুকেশন অফিসার বিল্লাল হোসাইন নন-ফরমাল এডুকেশন অফিসার, আশার আলো ডাম ইউসিএলসি পরিচালনা কমিটির সদস্য রইজ উদ্দিন রকি, মো. রমজান আলী বসুনিয়া, মো. রেজুওয়ানসহ শিখন কেন্দ্রের শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।