বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্ত্রীকে প্রশংসা করার দিনে কুপিয়ে রক্তাক্ত করল স্বামী

নিজস্ব প্রতিবেদক
আজ রোববার ছিল স্ত্রীকে প্রশংসা করার দিন। বিশ্বের সকল দেশের স্বামীরা আজ স্ত্রীর প্রশংসা করতে ব্যস্ত। আর এর ব্যাতিক্রম ঘটনা ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ীতে। এক পাষণ্ড স্বামী তার সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে রক্তাক্ত করেছে। আজ রোববার দুপুর ১টায় ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন স্বজন পুকুর (বুন্দিপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জেরে দেড় মাস আগে স্বামী কামাল হোসেনের সঙ্গে ডিভোর্স হয় সালেহা বেগমের। স্বামীর সঙ্গে থাকা ছেলেকে আনতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার চেষ্টা করেন স্বামী। এসময় স্ত্রী সালেহার চিৎকারে এগিয়ে আসেন স্থানীয় জনতা। স্থানীয়রা স্বামীকে আটক করে এবং আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে স্বামীকে পুলিশে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে, যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া (গোখোলা) গ্রামের মৃত শাহ আলীর ছেলে কামাল হোসেনের (৩৫) সঙ্গে রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট এলাকার সেলিম মিয়ার মেয়ে সালেহা বেগমের (৩০) বিয়ে হয়। তাদের সংসারে ১৩ বছরের মেয়ে এবং ৮ বছরের ছেলে সন্তান রয়েছে। তবে দীর্ঘদিন পারিবারিক কলহ লেগে থাকায় সালেহা বেগম বাবার বাড়িতেই থাকতেন। এসময় তাদের মেয়ে মায়ের সঙ্গে এবং ছেলে বাবার সঙ্গে থাকত।

গত দেড় মাস আগে সালেহা বেগম স্বামী কামালকে ডিভোর্স দেন। কথাবার্তার মাধ্যমে কামাল তার ছেলেকে স্ত্রীর কাছে ফেরত দিতে চান। আজ দুপুরে ছেলেকে ফুলবাড়ী স্টেশনে নিয়ে আসেন কামাল। সেখানে ছেলেকে নিতে যান সালেহা। এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করেন স্বামী। এসময় স্ত্রীর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সালেহাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে স্থানীয়রা স্বামীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, স্ত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় এক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তিনি থানা হেফজতে রয়েছে। আহত স্ত্রী চিকিৎসাধীন রয়েছে। তার অভিভাবকরা আসছে মামলার প্রস্তুতি চলছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This