শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েল (৩৫) এর উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ১১জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে মামলার ১নং আসামী কাজিহাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক রতনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) রাত ১০টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক জুয়েল এর ওপর এ হামলা চালানো হয়। আহত স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক জুয়েল উপজেলার কাজিহাল ইউনিয়নের মীরপুকুর গ্রামের রুহুল আমিন এর ছেলে। গত মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার সময় আহত জুয়েলের বাবা রুহুল আমিন বাদী হয়ে ১১জনের নাম উল্যেখ করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত আসামীরা হলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের কড়াই গ্রামের মানিক রতন (৫১), লিয়াকত আলী (৫৫), বেলাল হোসেন (৪৫), ফিজার রহমান (৩২), মেহেদুল ইসলাম (৩০), হেলাল উদ্দিন (৩৬), সোহেল (২৮), ছাকুরুল ইসলাম (৪২), পুখুরী মোড়ের আনোয়ার হোসেন বুদু (৩২), নীলপুকুর এলাকার সাদ্দাম হোসেন রাব্বী (৩২), কড়াই গ্রামের লুৎফর রহমান সবুজ (৩৫)সহ আরো অজ্ঞাতনামা আরো অনেকে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।


মামলা সুত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক জুয়েল উপজেলার কাজীহাল ইউনিয়নের পুখুরী মোড়ে একটি মুদি দোকান করে। অভিযুক্তরা বিগত ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক রতন এর ছত্রছায়ায় থেকে শত শত অন্যায় করেও পার পেয়ে আসছিল। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস করত না। গত ২১ আক্টোবর রাতে আসামী ফিজার ও মেহেদুল, জুয়েলের দোকানে এসে জোরপূর্বক জ্বালানী তেল দিতে বললে জুয়েল তাদেরকে পূর্বের পাওনা টাকা পরিশোধ করতে বলে। এতে তারা জুয়েলের উপর ক্ষিপ্ত হয়ে দলবদ্ধভাবে হাতে ধারালো ছোরা, লাঠি সোটা নিয়ে আবু বক্কর সিদ্দিক জুয়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে জুয়েলকে দোকান থেকে টেনে হিচড়ে বের করে এবং এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। দোকানের র‌্যাক সহ অন্যান্য মালামাল ভাংচুর করে। এসময় জুয়েল তাদের বাঁধা দিতে গেলে তারা লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিটসহ কুপিয়ে জখম করে। এসময় চিৎকার শুনে তার বাবা রুহুল আমিনসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গত মঙ্গলবার সন্ধায় দোষীদের গ্রেফতারসহ শাস্তির দাবীতে পৌর শহরের বাসস্টান্ড এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতৃবৃন্দরা। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম বলেন, গত ৫ আগষ্টের পর কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মানিক রতন দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় এসে আবারও তান্ডব সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে উপজেলার পুখুরী মোড়ে তার হুকুমে একদল ক্যাডার বাহিনি কাজিহাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুয়েলের উপর হামলা করে কুপিয়ে জখম করেছে। তিনি এ ঘটনায় দোষীদের গ্রোফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বেচ্ছাসেবকদল নেতা হামলার ঘটনায় তার বাবা রুহুল আমিন বাদী হয়ে ১১জনের নাম উল্যেখসহ অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This