
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় থানায় দায়েরকৃত হত্যা মামলায় মো. নাজমুল হোসেন মিঠু ওরফে ব্যাটারি মিঠুকে (৩১) গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার) ভোরে হাকিমপুর পৌরসভার মধ্য বাসুদেবপুর মালোপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজমুল হোসেন ওরফে ব্যাটারি মিঠু হাকিমপুর হিলি পৌরসভার মধ্য বাসুদেবপুর (মালে পাড়া) এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। নাজমুল হোসেন মিঠু বাংলাদেশ আওয়ামী যুবলীগ পৌর শাখার সদস্য বলে জানান পুলিশ। এছাড়া অতীতে নাজমুল হোসেন মিঠুর বাবার ব্যাটারির দোকান ছিলো এবং এলাকায় ব্যাটারি মিঠু নামে পরিচিত।
মামলার তদন্ত কর্মকর্তা ও হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের আটক অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে পৌর শহরের মধ্য বাসুদেবপুর (মালে পাড়া) এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পৌর আওয়ামী যুবলীগের সদস্য মো. নাজমুল হোসেন মিঠু ওরফে ব্যাটারি মিঠুকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তদন্ত কর্মকর্তা বলেন, অভিযুক্ত মিঠু শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।