হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক


হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই শিক্ষার্থী হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হাকিমপুর পৌর শাখার সাধারণ সম্পাদক অনিক সরকার (৩০) কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ সোমবার গ্রেফতারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী অফিসার এসআই মোস্তাফিজুর রহমান।
গ্রেফতারকৃত অনিক (৩০) হাকিমপুর হিলি পৌরসভার ১নং ওয়ার্ড চন্ডিপুর এলাকার নিশিত সরকার এর ছেলে। অনিক সরকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।
গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অজ্ঞাত আসামী করে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর ভাই। হাকিমপুর থানায় যার মামলা নং ০৭। উক্ত মামলার আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল সোমবার গভীর রাতে হাকিমপুর হিলি পৌরসভার ১নং ওয়ার্ড চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকার কে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
