হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-১ এ পুরস্কার বিতরণী শুরু হয়। সপ্তাহব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা পারফরম্যান্সকারীদের পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় মোট চারটি ইভেন্টে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। এ বছর বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন এবং শর্মি দেব।
জানা যায়, শর্মি দেব বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স অনুষদের ছাত্রী এবং আব্দুল্লাহ আল মামুন কৃষি অনুষদের ছাত্র। তারা উভয়ই ২০২২ সেশনের শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামুল্যা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সভাপতি ও উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবির কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য সচিব মো. মাহবুব উল হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।
