প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪, ৩:১১ অপরাহ্ণ
হিলিতে দুর্গা প্রতিমা দেখতে দৌড়ে ভারতে, আটকের পর হস্তান্তর
![]()
হিলি প্রতিনিধি
ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে আটকের ৫ ঘন্টা পর হস্তান্তর করা হয়েছে। গত রোববার (১৩ অক্টোবর) রাতে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। ওই ব্যক্তির নাম ইমরান হোসেন (২৪)। তিনি গত রোববার বিকালে পুজার উৎসব দেখতে রংপুর থেকে হিলি সীমান্তে এসেছিলেন।
স্থানীয় বিজিবি ও লোকজন জানায়, প্রতি বছর দুর্গাপুজা শুরু হলে প্রতিমা ও পুজার উৎসব দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা হিলি চেকপোস্টে আসেন। এই চেকপোস্টের বাংলাদেশ অংশ থেকে ভারতের প্রতিমা সহ পুজার উৎসব উপভোগ করা যায়। একারণে শত শত দর্শনার্থী এখানে এসে ভীড় করেন। গত রোববার ছিল পুজার দশমীর দিন। ফলে দর্শনার্থীদের সঙ্গে হিলি চেকপোস্টের এপার থেকে দাঁড়িয়ে প্রতিমা দেখা এবং পুজার উৎসব উপভোগ করার এক পর্যায়ে ইমরান দায়িত্বরত বিজিবির সদস্যকে আড়াল করে চেকপোস্টের দক্ষিণপাশ দিয়ে ভারতের দিকে দৌড় দেন। ওই সময় বিজিবি তার গতিবিধি আচ করে আটক করতে পিছু নিলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ততোক্ষণে ইমরান ভারতের সীমানায় ঢুকে পড়ে। ঠিক সেসময় দূর থেকে ঘটনাটি প্রত্যক্ষ করছিল বিএসএফ সদস্যরা। এক পর্যায়ে ইমরানকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
ভারতের হিলির স্থানীয় কয়েকজন জানান, ধৃত বাংলাদেশিকে বিএসএফ ও পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। কোন সন্দেহ না থাকায় তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এমনিতে সীমান্তে কড়াকড়ি চলছে। এই অবস্থায় ওই যুবকের ভারতে আকষ্মিক ভাবে ঢুকে পড়া সবাই শঙ্কিত হয়ে পড়েছিল।
জানতে চাইলে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শাহাদত হোসেন জানান, বিএসএফ একজন বাংলাদেশিকে আটক করেছে জানতে পেরে বিএসএফের হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সাথে যোগাযোগ করি। আটকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমাদের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে আটক ব্যক্তিকে ফেরত দেওয়ার জন্য বিএসএফকে জানালে তারা ফেরত দিতে সম্মতি দেয়। ওইদিন রাত ১০টার পরে হিলি চেকপোস্ট দিয়ে বিএসএফের হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুভাষ আটক ইমরানকে আমাদের কাছে হস্তান্তর করে। তিনি আরও জানান, ইমরান রংপুর সদর থানার ধাপ-বগিওয়ালাপাড়া গ্রামের গাজী বকুল হোসেনের ছেলে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 Daily Deshmaa. All rights reserved.