
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে হিলি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হিলি বাজারের দুইটি বেকারি ও তিনটি কাপড়ের দোকানে তদারকি করা হয়। এসময় পণ্যের মূল্য তালিকা ও ক্রয় রশিদ প্রদর্শন করতে না পারা, ভোক্তাদের বিভ্রান্ত করে বাংলাদেশি কাপড়কে ভারতীয় কাপড় বলে বিক্রি করা এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো মা গার্মেন্টস, লাবণ্য ফ্যাশন, সুমি বস্ত্রালয়, পাবনা বেকারি ও হিলি বেকারি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের সঠিকভাবে পণ্যের তথ্য ও রশিদ সংরক্ষণ করতে হবে। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।