বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে সড়ক নির্মাণে নিম্নমানের ইট, গ্রামবাসীর বাধায় কাজ বন্ধ

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের কাবিখা প্রকল্পের আওতায় সোলিং সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে গ্রামবাসী কাজ বন্ধ করে দেন। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের সত্যতা পায়।
উপজেলা পিআইও কার্যালয় জানায়, হাকিমপুরের ১ নম্বর খট্রামাধবপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘাসুরিয়া গ্রামের দীর্ঘদিন ধরে বেহাল সড়কটি চলতি ২০২৫–২৬ অর্থবছরে ‘কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)’ প্রকল্পের মাধ্যমে সোলিং নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। সুলতানের বাড়ির মোড় থেকে আনিসুর রহমানের বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ ফুট সড়কটি সোলিং করতে ব্যয় ধরা হয় ২ লাখ ২ হাজার টাকা।
স্থানীয় লোকজনের অভিযোগ, কাজ শুরুর পরই তারা দেখেন ওয়ার্ডের ইউপি সদস্য মোবারক হোসেন ১ নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের ইট ব্যবহার করছেন। এতে সড়কটি টেকসই হবে না—এমন আশঙ্কায় তারা কাজ বন্ধ করে দেন।
কয়েকজন গ্রামবাসী বলেন, বছরের পর বছর কাদা–পানিতে ভুগেছি। সোলিং হলেও কষ্ট কিছুটা কমত। কিন্তু এখানে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। ভালো মানের ইট না আসা পর্যন্ত কাজ শুরু হবে না।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, ভালো ইটের সঙ্গে কিছু খারাপ ইট মিশে যেতে পারে। প্রথমেই যদি তারা ইট পরিবর্তনের কথা বলতেন, আমি বদলে দিতাম। কিন্তু কাজ শুরুর পরই বাধা দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী জাহিদুল ইসলাম সাইট পরিদর্শন করে নিম্নমানের ইট ব্যবহারের প্রমাণ পান। তিনি বলেন, ভালো মানের ইট সরবরাহ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This