
হিলি প্রতিনিধি
হাম-রুবেলার সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা , হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানভীর হাসনাত, মেডিকেল অফিসার ডাক্তার ইফতেখার জাহান, ডাক্তার হুমায়ুন কবির, সিনিয়র নার্স ফরিদা পারভীন, হিলি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানভীর হাসনাত বলেন, চলতি মাসের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলার বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, হাকিমপুর হিলি উপজেলার তিনটি ইউনিয়ন, একটি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে। ৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১০ হাজার ৫শ ৭০ জন শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আনা হবে বলে বলেন তিনি।