শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ হিলি স্থলবন্দরে বন্ধ ছিল পণ্য আমদানি-রপ্তানি

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আজ ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ফলে এদিন সকাল থেকে দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করেনি। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বন্দরের হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, আজ রবিবার ভারতে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। ঐদিন সেখানে সরকারি ছুটি থাকায় ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বিষয়টি আমাদের পত্রের মাধ্যমে জানান। এর ফলে এদিন সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে আগামীকাল সোমবার থেকে পুনরায় শুরু হবে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সাথে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা দুই দেশের মধ্যে চলাচল করেন। ফলে আজ রোববারও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
এদিকে বন্দরের হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল আলম জানান, ভারতের প্রজাতন্ত্র দিবসের কারণে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি হয়নি। তবে বন্দরের বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্টের ওয়্যারহাউজে থাকা ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী ট্রাক থেকে খালাস কার্যক্রম সহ আমাদের অফিসিয়াল কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলেছে। একারণে ব্যবসায়িরা শুল্ককর পরিশোধ করে তাদের পণ্য ছাড় করে গন্তব্যে নিয়ে গেছেন। আজ সোমবার থেকে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This