

চিরিরবন্দর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে স্বামী কর্তৃক স্ত্রী আরজিনা বেগমকে (৩০) গলা কেটে হত্যার চেষ্টা করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার নশরতপুর ইউপির রানীপুর গ্রামের বারবিঘাপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসীরা জানায়, চিরিরবন্দরের নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের বারবিঘা পাড়ার মাংস ব্যবসায়ী নেশাখোর মোস্তফা (৩২) আনুমানিক দুপুর দেড়টায় বাড়িতে আসে এবং তার স্ত্রী দুই সন্তানের জননী আরজিনা বেগমকে ভাত দেয়ার কথা বলে। তাকে ভাত দিতে বিলম্ব হওয়ায় স্ত্রী আরজিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবির্তক শুরু হয়। একপর্যায়ে স্বামী মোস্তফা মাংস কাটার ছুরি দিয়ে তার স্ত্রী আরজিনা বেগমের গলা কেটে দেয়। এসময় আরজিনার আত্মচিৎকার শুনে পাড়াপ্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। আহত আরজিনাকে দিনাজপুর এম আব্দু০র রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্বামী মোস্তফা বাড়ি থেকে পালিয়ে যায়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে ঘটনার সূত্রপাত। স্বামী ক্ষুদ্ধ হয়ে স্ত্রীকে কোপ মেরেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
