তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে ট্রাক চালকের কারাদন্ড


পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে শব্দ দূষণের দায়ে এক ট্রাক চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার বিকেলে উপজেলার ভজনপুর থেকে পাথরঘাটা রাস্তায় রাখা নির্মাণ সামগ্রী (বালি) সৃষ্ট বায়ু দূষণ ও হাইড্রোলিক হর্ণ সৃষ্ট শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. মোস্তাফিজুর রহমান নামে এক ট্রাক চালককে এক হাজার টাকা অর্থদন্ডসহ ৭দিনের বিনাশ্রম দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত মোস্তাফিজার (২৫) পঞ্চগড় সদর উপজেলার মাগুড়মারী গ্রামের গোলাম মোস্তফা’র ছেলে।
তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আকাশ এর নেতৃত্বে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, শব্দ দূষণের দায়ে মোস্তাফিজুর রহমান নামে এক ট্রাক চালককে ৫০/২০২৫ নং মামলার প্রেক্ষিতে এক হাজার টাকা জরিমানা সহ ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া রাস্তার উপর ও রাস্তা সংলগ্ন উন্মুক্ত অবস্থায় বালু সংরক্ষণকারী ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবেশ অধিদপ্তর এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।
